আর ক’দিন পরই শুরু হচ্ছে বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা। প্রতি
বছরের মতো এবারো আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমী প্রাঙ্গন
থেকে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়া বরাবরের মতো এবারো
মেলাপ্রাঙ্গন থেকে বের করা হবে আনন্দ আলো বইমেলা প্রতিদিন।
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, বইমেলাতে অনেকের বই আসে। যাদের নতুন বই আসে তাদের মধ্যে উদ্দীপনা একটু বেশি থাকে। এবারে চেষ্টা থাকবে তাদের খানিকটা সুযোগ দেওয়ার।
সংবাদ সম্মেলনে বইমেলা এবং বইয়ের ইতিহাস টেনে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, এবারের বইমেলাকে জঙ্গিবাদবিরোধী একটি বিপ্লব হিসেবেই আখ্যায়িত করতে চাই। এরমধ্যে দিয়েই তৈরি হোক জঙ্গিমুক্ত একটি রাষ্ট্র। সেই সঙ্গে এই মেলার বাণিজ্যিক দিকটাও উপেক্ষা করা যায়না। আমাদের দেশের মানুষকে জ্ঞানের জগতে পাঠাতে বইমেলাকে আরো সুন্দর ও প্রসারিত করতে হবে।
কবি লুৎফর রহমান রিটন বলেন, বইমেলায় প্রচুর নতুন লেখকের উদয় হয়। বরং তাদের ভিতটাই বেশি থাকে। তাদের কিছু দাবী থাকে। চ্যানেল আইকেও তারা একটি বিশেষ জায়গা দেয়।
আইএফআইসি ব্যাংকের পরিচালক শাহ আলম সারোয়ার বলেন, আমরা ভালো কোনো কাজের সঙ্গে থাকতে চাই। তাই এবারে আমরা সব পাঠককে বলতে চাই আপনারা বই কিনুন কিন্তু দেখেশুনে ভালো বই কিনুন।
আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই বইমেলা সরাসরি সম্প্রচার হবে প্রতিদিন বিকেল ৫টা ৩০মিনিটে। এবারো মেলাপ্রাঙ্গণ থেকে পাক্ষিক ‘আনন্দ আলো’ আনছে বইমেলার পূর্নাঙ্গ দৈনিক বইমেলা প্রতিদিন।







