একুশে বইমেলা আয়োজন নির্বিঘ্ন করতে পুরো এলাকায় গোয়েন্দা নজরদারীর পাশাপাশি র্যাবের টহল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়াও যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি রুখতে থাকবে সাইবার মনিটরিং।
বৃহস্পতিবার দুপুরে বইমেলা প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন শেষে র্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, প্রতিবছরই বইমেলা ঘিরে র্যাব-৩ এর একটি নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকে। এবারও বইমেলা ও পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কেন্দ্রিক আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মেলায় একটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে যার মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষনিক মনিটরিং করা হবে।
কোন গোষ্ঠী সন্ত্রাসী কার্যক্রম ঘটিয়ে যেন জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে এবং বইমেলায় আগতরা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সকল ব্যবস্থা বলবৎ থাকবে।
পুরো এলাকায় র্যাবের টহল টিমের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। সাদা পোষাকে গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। অতীতের জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয়ভাবে এবং র্যাব-৩ এর সাইবার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
কোন ধরনের জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোন তথ্য নেই জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জঙ্গি সংগঠন বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিমের এসব প্রোগ্রামে টার্গেট থাকে। এজন্য আমাদের সাইবার মনিটরিং এবং গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।








