আফ্রিকান নেশন্স কাপে মালাউকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। জয় ছাপিয়ে বিশ্ব ফুটবলে আলোচনার তুঙ্গে আশরাফ হাকিমির দৃষ্টিনন্দন ফ্রি-কিক। ক্লাব সতীর্থ কাইলিয়ান এমবাপে মরক্কোর জয়ের নায়ককে একধাপ এগিয়ে সেরাদের সেরা সেন্টারব্যাক উপাধিও দিয়ে ফেলেছেন।
গোল করে যখন আলোচনার শীর্ষে তখন অবধারিত এক প্রশ্ন শুনলেন হাকিমি, ‘পিএসজিতে নেইমার-এমবাপে-মেসি থাকতে ফ্রি-কিকের সুযোগ আসবে কিনা, আসলে কি করবেন?’
মরক্কোর ইন্টারন্যাশনাল অবশ্য দিয়েছেন কূটনৈতিক উত্তর। জানিয়েছেন, দায়িত্ব নিতে সদা প্রস্তুত। তবে কিছু করার আগে অবশ্যই আলোচনা করবেন মেসি-নেইমারদের সঙ্গে।
‘প্যারিসে ফ্রি-কিক নেয়ার মতো অনেক খেলোয়াড় আছেন। মেসি, নেইমার, এমবাপে— আমিও মাঝে মাঝে চেষ্টা করি। কিন্তু এটা কঠিন। যখন ক্লাবে ফিরব, তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন জাতীয় দলের খেলার দিকে চোখ। এরপর দেখবো প্যারিসে কি ঘটে!’ বলেছেন হাকিমি।
মালাউয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পিছিয়ে পড়ার পর হাকিমির ফ্রি-কিক গোলেই পরের ধাপের টিকেট কাটে মরক্কো। হাকিমির এটা আসরটিতে রেকর্ডও বটে। ২০০৮ সালের পর তিনিই কোনো খেলোয়াড় যিনি এক আসরে ফ্রি-কিক থেকে দুবার জালে বল জড়ালেন।








