ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নর্থ কোরিয়ার সেনারা আবারও রাশিয়ার পক্ষ হয়ে পশ্চিমাঞ্চলীয় কুরস্ক এলাকায় ফ্রন্ট লাইনে ফিরে এসেছে, যেখানে গত মাসে ভারী ক্ষতির পর তাদের ফিরে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।
আজ (৮ ফেব্রুয়ারি) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুক্রবার একটি ভিডিও ভাষণে জেলেনস্কি জানান, রুশ সেনারা নর্থ কোরিয়ার সেনাদের আবার সামনের লাইনেও নিয়ে এসেছে, যারা এখন সেই অঞ্চলে নতুন আক্রমণ চালাচ্ছে, অঞ্চলটি আংশিকভাবে ইউক্রেনের দখলে রয়েছে। শত শত রুশ এবং উত্তর কোরিয়ার সেনা” নিহত হয়েছে।
জানুয়ারিতে পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছিলেন, নর্থ কোরিয়া থেকে ১১ হাজার সেনা পাঠানো হয়েছিল, কিন্তু এর মধ্যে অন্তত ১ হাজার জন গত তিন মাসে নিহত হয়েছেন। তবে নর্থ কোরিয়া এবং রাশিয়া এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই সেনাদের পাঠানো হয়েছিল রাশিয়ার যুদ্ধবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য, যারা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করেন। এই যুদ্ধে দুই পক্ষই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সম্ভবত অতিরিক্ত ক্ষতির কারণে নর্থ কোরিয়ার সেনাদের ফিরিয়ে নেওয়া হয়েছিল।








