ফিলিপিন্সে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শ অনুসারী একটি জঙ্গি গ্রুপের নেতা মোহাম্মদ জাফর মাগুইডকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়।
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট যোদ্ধাদের সমর্থন আদায়ের লক্ষে এই আনসারুল খিলাফা গ্রুপটি বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলা চালায় বলে জানায় কর্তৃপক্ষ।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ জাফর মাগুইড জঙ্গি গ্রুপ আনসারুল খিলাফা ফিলিপিন্সের প্রতিষ্ঠাতা নেতা ছিলেন। বৃহস্পতিবার রাতে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি অবকাশ কেন্দ্রে তার অবস্থান সনাক্ত করে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। ওই সময় সেখানে থেকে তার বাহিনীর তিন সদস্যকেও গ্রেফতার করা হয়।
মিন্দানাও দ্বীপের ইসলামি জঙ্গি গ্রুপগুলোর অন্যতম আনসারুল খিলাফা। সেখানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গ্রুপের এক দশকের সংঘাতে এক লাখ ২০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।








