রবের্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহর লক্ষ্যভেদে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট পাওয়ার রাস্তা সহজ করেছে ইয়ূর্গেন ক্লপের দল। আগামী ৮ মার্চ অ্যানফিল্ডে হবে দুই দলের দ্বিতীয় লেগের লড়াই।
বুধবার রাতে সান সিরোতে হওয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। একের পর এক সুযোগ আসলেও ফিনিশিংয়ের অভাবে লিভারপুল তা কাজে লাগাতে পারছিল না। ১৪ মিনিটে সাদিও মানের হেড অল্পের জন্য পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়।
১৬ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল ইন্টার। হাকান ক্যালহানোগ্লুর দুরহ কোণ থেকে নেয়া শট বারে লেগে ফিরে আসায় তারা লিড পায়নি। ২৩ মিনিটে মানের বাইসাইকেল কিক ছিল দেখার মতো। কিন্তু বল বাইরের জালে লাগায় ডেড লক ভাঙেনি।
বিরতির পরপরই আক্রমণের ধার বাড়ায় ইন্টার। ৬০ মিনিটে এডিন জেকো বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে ডিয়াগো জোতার বদলি হিসেবে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিড ফিল্ডার রবের্তো ফিরমিনোকে নামানো হয়েছিল। ক্লপের সেই সিদ্ধান্ত ৭৫ মিনিটে সঠিক প্রমাণিত হয়। অ্যান্ড্রু রবার্টসনের কর্নার কিক থেকে বল পেয়ে হেডে নিশানাভেদ করে ফিরমিনো অতিথিদের এগিয়ে দেন।
আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। ডি বক্সের ভেতর তার নেয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ৭ ম্যাচে ৮ গোলের দেখা পেলেন সালাহ।








