বর্তমান সময়ে পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো প্লাস্টিক বর্জ্য। দিন দিন পরিবেশের বিপর্যয়ের জন্য ভয়াবহ হয়ে উঠছে প্লাস্টিক বর্জ্য। যেখানে প্লাস্টিকের একটি স্ট্র নিষিদ্ধ করা হচ্ছে না, সেখানে আমরা প্লাস্টিক বর্জ্য কমানোর এবং পরিবেশে এর প্রভাব কমানোর উপায় খুঁজছি।
তবে প্লাস্টিক বর্জ্যের প্রভাব থেকে পরিবেশকে রক্ষার নানা উপায় নিয়ে চিন্তা-ভাবনা চলছে। প্লাস্টিক বর্জ্য ধ্বংস করার তালিকায় সর্বশেষ যোগ হয়েছে একটি আশ্চর্যজনক উপায়।
এক ধরনের দুষ্প্রাপ্য মাশরুমের খোঁজ পাওয়া গেছে যা প্লাস্টিক খেয়ে ফেলছে। ঠিক যেভাবে আমরা বুফেতে খাই, এই মাশরুমও সেভাবে প্লাস্টিক খেয়ে ফেলছে। আপওর্দি ডটকম তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, প্লাস্টিক খেকো এই মাশরুম ২০১১ সালে প্রথম আবিষ্কৃত হয় যখন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী ও তাদের অধ্যাপক গবেষণার কাজে ইকুয়েডর যান। তারা আমাজনে ‘‘পেসটালোটিওপসিস মাইক্রোসপোরা’’ নামের এই মাশরুম দেখতে পান।
তারা এটা দেখে আশ্চর্য হন যে, এই মাশরুম শুধুমাত্র পলিইউরেথিনের ওপর নির্ভর করে বেঁচে আছে এবং অক্সিজেন ছাড়াই তারা এটি করে যাচ্ছে।
তার মানে এই মাশরুম ময়লার ভাগারে (ল্যান্ডফিলস) মাটির উপরেভাগে চাষ করা যেতে পারে। এই মাশরুম সহজেই মাটিতে থাকা প্লাস্টিক বর্জ্য শেষ না হওয়া পর্যন্ত খেতে থাকবে। এভাবে তারা ময়লার ভাগার পরিষ্কার রাখতে সহযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।








