সিরিজে ফেরার লড়াইয়ে সফরকারী সাউদ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৫৪ করে ইনিংস ঘোষণা করলে নিউজিল্যান্ডের লক্ষ্য দাড়ায় ৪২৬ রান। আগের দিনে ৯৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে রাখেন প্রোটিয়া বোলাররা। সেই চাপে শেষ দিনে ২২৭ রানেরই গুটিয়ে গেছে টম ল্যাথামের দল।
ক্রাইস্টচার্চে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ১৯৮ রানের জয়ে ১-১-এ সমতায় ফিরেছে সফরকারীরা।
এর আগে শেষ ইনিংসে দেওয়া ৪২৬ রানের পাহাড়ে চাপা পড়েছে একের পর এক কিউই ব্যাটার। শুরুতেই দুই কিউই ওপেনার উইলি ইয়াং ও অধিনায়ক ল্যাথামের উইকেট তুলে নেন কাগিসো রাবাদা।
এরপর ডেভন কনওয়ে প্রতিরোধ গাড়ার চেষ্টা চালিয়ে গেলেও তাকে যথেষ্ট সঙ্গ দিতে পারেনি বাকি ব্যাটাররা। হেনরি নিকোলাস ও ড্যারেল মিচেল ফেরেন ৭ ও ২৪ রানে। কনওয়ে ৬০ রানে অপরাজিত থাকলে ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে কিউইরা।
জয়ের জন্য শেষ দিনে ৩৩২ রানের পাহাড় টপকাতে হতো। ৯২ রান তুলে কনওয়ে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে কিউইরা। এরপর টম ব্লান্ডেলের ৪৪ ছাড়া প্রতিরোধ গড়তে পারেনি আর কোনো ব্যাটার। ফলাফল ১৯৮ রানের হারে সিরিজ শেষ করেছে স্বাগতিকরা।
কিউই ব্যাটারদের তিনটি করে উইকেট তুলেছেন রাবাদা, মার্কো জেনসন ও কেশাভ মহারাজ। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর শেষ ইনিংসে ৩ উইকেট তু্লে ম্যাচসেরা হয়েছে রাবাদা।
এর আগে টসে জিতে সারেল এরউইয়ের শতকে ভর করে ৩৬৪ রান তুলে প্রোটিয়ারা। জবাবে কলিন ডি গ্র্যান্ডহোমের শতকের পরও ২৯৩ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাট চালায় প্রোটিয়ারা। কাইল ভেরেয়ানে ১৩৬ রানের পর শেষ দিকে রাবাদার ৪৭ রানে ভর করে ৩৫৪ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
শেষ ইনিংসে কিউইদের লক্ষ্য দাড়ায় ৪২৬ রান। যেখানে কনওয়ে ছাড়া কিউইদের হয়ে প্রতিরোধ গড়তে পড়েনি আর কোনো ব্যাটার।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ইনিংস ও ২৭৬ রানে হারিয়ে সিরিজে দারুণ শুরু পায় স্বাগতিকরা। দুই ম্যাচে নজর কেড়ে প্লেয়ার অব দা সিরিজ হয়েছেন কিউই বোলার ম্যাট হেনরি।








