প্রীতি ফুটবলে ড্র হয়েছে ইউরোপের চার জায়ান্টের ম্যাচ। ইংল্যান্ড ও স্পেনের ম্যাচটি শেষ মুহূর্তের নাটকীয়তায় ড্র হয়। ইতালি-জার্মানির ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে।
বিখ্যাত ওয়েম্বলিতে রাতে ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। লিভারপুল তারকা অ্যাডাম লালানার গোলে লিড পায় থ্রি-লায়ন্সরা। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার লিড পায় তারা। ৪৮ মিনিটে দলকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন লিচেস্টার সিটির ফরোয়ার্ড জেমি ভার্ডি।
দুই গোলে এগিয়ে থাকা ইংল্যান্ডের জয় নিয়ে মাঠ ছাড়া যখন সময়ের ব্যাপার, ঠিক তখনই চরম নাটকীয়তায় মোড় নেয় ম্যাচটি। ম্যাচ শেষ হতে তখন বাকি আর মিনিট কয়েক। ম্যাচের ৮৯ এবং অতিরিক্ত সময়ে গোল করে নিশ্চিত পরাজয় থেকে ড্র করে স্প্যানিশরা।
অন্য ম্যাচে ঘরের মাঠে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইতালি। শুরুটা আশাব্যঞ্জক না হলেও দ্বিতীয়ার্ধে আন্দ্রেয়া বেলোত্তি-চিরো ইম্মোবিলেদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে জার্মানিকে হারাতে পারেনি আজ্জুরিরা।
রাতের অন্য প্রীতি ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে সুইডেন, নর্দান আয়ারল্যান্ডকে ৩-০ গোলে ক্রোয়েশিয়া এবং সার্বিয়াকে ২-০ গোলে হারায় ইউক্রেন। এছাড়া চেক রিপাবলিক-ডেনমার্ক১-১ , অস্ট্রিয়া-স্লোভাকিয়া ও ফ্রান্স-আইভরিকোস্ট ম্যাচ গোলশূন্য ড্র হয়।








