বাংলাদেশ ছাড়াও উত্তর আমেরিকার শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের তারকাবহুল ছবি ‘পাপ পুণ্য’। সোমবার এলো এই ছবির ট্রেলার। যা দেখে প্রশংসা করছেন সিনেমাপ্রেমী দর্শক!
‘পাপ পুণ্য’র দেড় মিনিটের ট্রেলারে দারুণ নির্মাণের ইঙ্গিত যেমন আছে, তেমনি দুর্দান্ত একটি গল্পেরও আভাস আছে। সিনেমাপ্রেমী দর্শকরা অন্তত তেমনটিই আশা করছেন। সেই সঙ্গে আছে সিনেমায় চঞ্চল চৌধুরীর মতো পরীক্ষিত অভিনেতা, সিয়াম আহমেদের মতো তারকা মুখ, নব্বই দশক মাতানো গুণী অভিনেত্রী আফসানা মিমি!
চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নবাগতা নায়িকা শাহনাজ সুমির রসায়নের পাশাপাশি ট্রেলারে নজর কেড়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর সংলাপও। সেই সঙ্গে পুলিশের চরিত্রে দেখা গেছে গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুকে। এছাড়া আছেন মামুনুর রশীদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।
আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব জানিয়েছেন, উত্তর আমেরিকার ৯১ হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। এর মাঝে কানাডায় ৭টি এবং আমেরিকায় রয়েছে ৮৪টি থিয়েটার। ২৭ মে কানাডার আরো একটি এবং আমেরিকার আরো ২০টি থিয়েটারে মুক্তি পাবে ‘পাপ-পুণ্য’।
প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, এখন পর্যন্ত দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত হয়েছে ‘পাপ পুণ্য’, ২০ মে পর্যন্ত বাড়তে পারে আরও কিছু প্রেক্ষাগৃহ।








