বাগেরহাটের রামপালে দশমবারের মতো অনুষ্ঠিত হলো ‘জ্ঞানমেলা’। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প ও উদ্দীপনের সহযোগিতায় শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত শনিবার অনুষ্ঠিত হয়ছে এবারের জ্ঞানমেলা।
জ্ঞানমেলার এবারের আসরের প্রতিপাদ্য ছিল- উন্নয়নে গণসম্পৃক্ত প্রযুক্তির বিকল্প নেই।
মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। জ্ঞানমেলা পরিষদের আহ্বায়ক শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, উন্নয়ন সংস্থা উদ্দীপনের নির্বাহী পরিচালক ইমরান চৌধুরী প্রমুখ।
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার বলেন, প্রযুক্তি এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণ-তরুণীরা স্বাবলম্বি হয়ে উঠছে। ঘরে বসেই আয় করছে। মানুষ নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে। নানা কাজের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে এ ধরনের মেলা ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, সবার হাতেই এখন স্মার্টফোন। এটি দিয়ে শুধু মানুষ এখন কথাই বলে না। নানা কাজে স্মার্টফোন ব্যবহার করছে। এজন্য প্রযুক্তিকে মানুষের আরো কাছে নিয়ে যেতে হবে। মেধাকে কাজে লাগিয়ে প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন করতে হবে যাতে মানুষ উপকৃত হয়।
এবারের জ্ঞানমেলায় সরকারি-বেসরকারি ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনব্যাপী এ মেলায় প্রতিষ্ঠানগুলো নিজেদের বিভিন্ন উদ্ভাবন দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে।








