প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজনৈতিক মামলা ও গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি।
সংলাপে বিএনপির তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ওই তালিকা চেয়েছেন। তবে নির্বাচনের আগে তালিকা অনুযায়ী মামলা তুলে নেয়া বা নেতাকর্মীদের মুক্তির বিষয়ে সংশয় আছে বিএনপি নেতাদের।
নির্বাচনকে সামনে রেখে অভিযোগ আর পাল্টা অভিযোগের পারদ যখন উপরের দিকে তখন জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিএনপি মহাসচিব রাজনৈতিক মামলায় শত শত নেতা-কর্মীর গ্রেপ্তার থাকার অভিযোগ তুললে তালিকা চান প্রধানমন্ত্রী।
এরপরই বিএনপির কেন্দ্রীয় একটি সেল আগে করা তালিকা হালনাগাদের কাজ শুরু করে। বিএনপি নেতারা দাবি করছেন, মোট মামলা ও গ্রেপ্তার নেতাকর্মীদের সংখ্যা বিশাল। কিছুদিনের মধ্যেই তালিকা করে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেয়া হবে।
তবে তালিকা জমা দিলেও যে নির্বাচনের আগে ইতিবাচক কোনো ফল আসবে তা মনে করছে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।
বিএনপি অন্যান্য নেতারা বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হলে বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে হবে।








