সাউথ কোরিয়ায় মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ স্থাপনের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো-আহ’র ওপর ডিম ছুড়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা।
সাউথ কোরিয়ার সিওংজু শহরে বাসিন্দাদের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বোঝাতে গেলে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ও বোতল নিক্ষেপ করা হয়।
তবে নিরাপত্তারক্ষীদের চেষ্টায় ‘ডিম-বৃষ্টি’ থেকে মুখটা বেঁচে গেলেও সম্ভ্রান্ত স্যুটটি ততোক্ষণে ডিমে একাকার হয়ে যায় তার। এরপরও ডিম ছোড়া অব্যাহত থাকলে একটি বাসে আশ্রয় নিতে বাধ্য হন সাউথ কোরিয় প্রধানমন্ত্রী। বাসটি ঘেরাও করে রাখে ৩ হাজারের বেশি জনতা এবং সরকারকে থাড মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানাতে থাকে তারা।
সিউল-ওয়াশিংটন পরিকল্পনা অনুযায়ী ক্ষেপণাস্ত্র হামলা থেকে সাউথ কোরিয়াকে রক্ষায় এই সিওংজু শহরেই ‘থাড’ মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। শহরটির বাসিন্দাদের দাবি মার্কিন স্বার্থে মোতায়েন হতে যাওয়া ‘থাড’ এই এলাকার অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করবে। বিশেষ করে ক্ষতিগ্রস্থ হবে চাষাবাদ, বাড়বে স্বাস্থ্য ঝুঁকি এবং প্রকৃতির ওপর পড়বে বিরূপ প্রভাব।








