বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতারণার সঙ্গে জড়িত হজ এজেন্সি এবং ট্রাভেল এজেন্টদের লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেবে সরকার। নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে টিকিট সংক্রান্ত জটিলতার কারণে ৩শ’ ৯৭ জন হজে যেতে পারেননি বলে জানিয়েছেন তিনি। তবে কেউ ভিসা এবং টিকিট পেয়ে থাকলে তাদের পাঠানোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিমানমন্ত্রী।
হজযাত্রী পরিবহনের সর্বশেষ অবস্থা তুলে ধরতে সোমবার বিকালে বিমান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিমানমন্ত্রী। শুরুতেই বিমানমন্ত্রী জানান, এবার হজ যাত্রা নিয়ে অনিশ্চয়তা এবং জটিলতা সৃষ্টি হয়েছিল। যার মূলে ছিল কিছু হজ এজেন্সি এবং ট্রাভেল এজেন্টদের প্রতারণামূলক কর্মকাণ্ড।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট বাতিল হওয়ার পরও নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে বিমান ৬৪ হাজার ৮শ’৭৩ জন এবং সৌদি এয়ারলাইন্স ৬২ হাজার ২শ’৩০ জন হজযাত্রী পরিবহন করেছে।
তিনি আরও বলেন, প্রতারণার সঙ্গে জড়িত হজ এজেন্টদের ধরে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়া হচ্ছে। এছাড়া ফিরতি হজ ফ্লাইট নিয়ে যাতে জটিলতা তৈরি না হয় সেজন্য আগে থেকেই ব্যবস্থা নেয়া হবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








