নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও বৃহস্পতিবার সকালে প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের আশপাশে কিছু শিক্ষার্থী জড়ো হলে তাদের অবরোধ না করতে দিয়ে ফেরত পাঠিয়েছে পুলিশ।
সড়কে শিক্ষার্থীদের অবরোধ না থাকায় সকাল থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে সপ্তাহের ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসুন্ধরা এলাকায় মানববন্ধনের কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে প্রগতি সরণিতে থাকা শিক্ষার্থী তারিকুল ইসলাম তানিম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা নিরাপদ সড়কের দাবিতে অবরোধ করতে আসলেও পুলিশ আমাদের সেটা করতে দেয়নি।
শফিকুর রহমান নামের আরেক শিক্ষার্থী জানায়, আমাদের সকল দাবিগুলো গতকাল মেয়রের কাছে উপস্থাপন করা হয়নি, তাই আমরা আজ সড়কে এসেছিলাম, কিন্তু পুলিশ আমাদের অবরোধ করতে দেয়নি।
বুধবার রাতে আন্দোলনরত নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা সড়কে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এম এ আহমেদ হুমায়ুন চ্যানেল আই অনলাইনকে বলেন, সকাল থেকেই রামপুরা, বাড্ডা, প্রগতি সরণির কোথাও সড়ক অবরোধের খবর আমরা পাইনি। এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে আলোচনা করে ২৮ মার্চ পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের বাস চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে ধরে ফেলে সেখানে থাকা শিক্ষার্থীরা। পরে তাকে আটক এবং বাসটি জব্দ করে পুলিশ।
আবরারের মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার পর থেকেই যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা বন্ধ করে প্রগতি সরণি এলাকা জুড়ে বিক্ষোভ শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে বাড্ডা-কুড়িল বিশ্বরোড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওই ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিনের মতো চলে তাদের কর্মসূচি।








