ড.বিলকিস রহমান -এর গবেষণাগ্রন্থ ‘উইমেন ইন কাবিননামা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। রোববার রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
গবেষণাগ্রন্থ ‘উইমেন ইন কাবিননামা’য় নারীর অধিকার সুরক্ষায় বিয়ের দলিল হিসেবে কাবিননামার ভূমিকার ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষন করেছেন ড. বিলকিস রহমান। প্রকাশনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. অা আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পারিবারিক জীবনে নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কাবিননামা যে গুরত্বপূর্ণ ভূমিকা রাখে ড.বিলকিস রহমান ইতিহাসের আলোকে তা বিশ্লেষন করেছেন। বর্তমান সময়ে কেনো কোনো গোষ্ঠী নারীর অধিকারসহ সামাজিক অগ্রগতি ব্যাহত করতে চাইছে বলে মন্তব্য করে, এ জাতীয় গবেষণা আরো বেশি করার আহ্বান জানান।
বইটির প্রকাশক, পাঠক সমাবেশের সম্পাদনা, অপারেশন ও বিপণন বিভাগের প্রধান ওয়াহিদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, ঢাকা বিশ্ববিদ্যালয় এর উইমেন অ্যান্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের চেয়ারপারসন ড. শাইখ ইমতিয়াজি এবং দ্য ডেইলি ইনডিপেনডেন্ট এর বার্তা সম্পাদক মীর মোস্তাফিজুর রহমান। সাংবাদিক মীর মাসরুর জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।








