প্যারিসে হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার পর প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিল হতে পারে বলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি আর্টসেন্টার, রেস্টুরেন্টসহ কয়েকটি জায়গায় বন্দুকধারীর গুলি এবং ফ্রান্স স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনায় দেড়শতাধিক মানুষ নিহত হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেন বিশ্বনেতারা।
অালাদা আলাদা শোক বার্তায় আক্রান্তদের জন্য শোক প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার বিবৃতিতে লিখেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম, ধর্মবিশ্বাস বা বর্ণ নেই। কোনো সভ্য সমাজে তাদের জায়গা হতে পারে না। সন্ত্রাসবাদ এবং উগ্র চরমপন্থার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
আগামী ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের যাওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সেটা এখন বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।







