রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের কারণেই রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন বলে জানিয়েছেন ক্লাবটির সাবেক স্পোর্টিং ডিরেক্টর পিজা মিজাতোভিক।
রোনালদোর রিয়াল ছাড়ার পেছনে এতদিন অনেকেই অনেক কারণ দেখাচ্ছিলেন। কেউ কেউ বলছিলেন, স্পেনে কর সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পেতেই ইতালিতে পাড়ি দিয়েছেন রোনালদো।
কিন্তু পিজার বক্তব্য, ‘ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে রোনালদোর সম্পর্ক এতটুকু ভালো ছিল না। ঠিক জানি না তাদের ভেতর কী হয়েছিল, কিন্তু এতটুকু নিশ্চিত তাদের মধ্যে মারাত্মক ঝামেলা ছিল।’
বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। তাকে দলে টানতে ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন রিয়ালের সদ্য সাবেক এই ফুটবলার।
পর্তুগীজ পত্রিকা এ বোলাকে পিজা বলেন, ‘আমি মনে করি না রোনালদো সহজে জুভেন্টাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়ই রিয়ালে তার সঙ্গে কিছু একটা ঘটেছিল।’







