প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্যালয় পেন্টাগনের সঙ্গে করা চুক্তিটি আর নবায়ন করবে না বলে জানিয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পে চুক্তিবদ্ধ হওয়ায় প্রতিবাদে গুগলের প্রায় ডজনখানেক কর্মচারী পদত্যাগ করেছেন এবং প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার কর্মী।
এটিই প্রযুক্তি জায়ান্ট গুগলের কর্মীদের সবচেয়ে বড় প্রতিবাদ বলে বিবিসি জানিয়েছে।
মাভেন নামের পেন্টাগনের ওই প্রকল্পে ড্রোন ব্যবহার করে তোলা ভিডিও ফুটেজ বিশ্লেষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম তৈরি করছে গুগল। প্রজেক্ট ম্যাভেন সামরিক ড্রোনের আঘাত হানার ক্ষমতা নিখুঁত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত করার কাজ করছে।
এখানেই আপত্তি জানিয়েছেন কর্মীরা। তাদের ভয় প্রাণঘাতী কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের এটিই প্রথম পদক্ষেপ। এ কারণে চাকরি ছাড়ার পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছেন কর্মীরা। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে অফিসিয়াল কোন বিবৃতি দেয়নি গুগল।
কোম্পানি সূত্রমতে গুগলের শীর্ষ নির্বাহী ডায়ান গ্রিন শুক্রবার বলেছেন, আগামী মার্চে মেয়াদ শেষ হওয়ার পর চলতি প্রকল্পের বিস্তারিত কোন অগ্রগতি এখন পর্যন্ত নেই।
যদিও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমডো’র প্রতিবেদক কেট কংগার বিবিসিকে বলেন, গুগল মেন্টাগণের সঙ্গে মাভেন প্রজেক্ট বাতিল করেনি, ভবিষ্যতে তাদের সঙ্গে কাজ করবে কিনা সে বিষয়েও কোনকিছু প্রতীয়মান হচ্ছে না।








