বিশ্বকাপে দেশের জার্সি গায়ে ভালো পারফরম্যান্স করেছেন। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়েও নজরকাড়া সাফল্য তার। এবার তাকে নিতে ঝাঁপাল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন(পিএসজি)। তিনি ব্রাজিলের ফিলিপ কৌতিনহো।
ব্রাজিলের এই মিডফিল্ডারকে পেতে নেইমারের ক্লাব অফার দিয়েছে ২৭০ মিলিয়ন ইউরো। চলতি বছরের জানুয়ারি মাসে লিভারপুল থেকে বার্সেলোনায় আসেন কৌতিনহো। ১৪২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে কেনে বার্সা।
তবে স্প্যানিশ মিডিয়া সূত্রের খরব, এই মিডফিল্ডারকে ছাড়বে না বার্সেলোনা। লা লিগায় ২২ টা ম্যাচে ১০টি গোল করেছেন কৌতিনহো।
ব্রাজিলিয়ান তারকার পিএসজি গুঞ্জনের মধ্যে আবার শোনা যাচ্ছে লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থ ক্রিস্টিয়ান পাভনকে বেশ জোরেসোরেই চাইছে বার্সেলোনা। মেসির অনুরোধেই পাভনকে দলে নিতে চাইছে বার্সা বোর্ড।
বার্সেলোনার নড়াচড়া টের পেয়ে নড়েচড়ে বসেছে পাভনের ক্লাব বোকা জুনিয়রও। আর্জেন্টাইন চ্যাম্পিয়নরা পাভনের রিলিজ ক্লজ বাড়িয়ে ৪২ মিলিয়ন ইউরো করে দিয়েছে সোমবার।








