পানামা পেপারসে তথ্য ফাঁসের পর অফশোর কোম্পানির মালিকানার কথা স্বীকার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে তালিকায় থাকা আর্জেন্টাইন প্রেসিডেন্ট অবশ্য বলছেন, এ বিষয়ে কোনো তথ্যই গোপন করেননি। তথ্য তদন্তে সার্বিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
পাঁচ দিন আগে বিশ্বের ক্ষমতাধর ধনী ব্যক্তিদের কর ফাঁকি দেয়া সম্পদের গোপন নথি ফাঁস হওয়ার পর থেকেই একের পর এক অবিশ্বাস্য তথ্য দিচ্ছে বিভিন্ন তদন্ত সংস্থা।
প্রশ্নের মুখোমুখি হয়ে দোষ স্বীকার করলেন ক্ষমতায় থাকা ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বললেন, নিজের বাবার দেয়া অফশোর কোম্পানি ব্লেইয়ারমোরে মালিকানা ছিলো তার। কিন্তু ২০১০ সাল নাগাদ ওই শেয়ার ৩০ হাজার পাউন্ডে বিক্রির কথা বলেন ক্যামেরন। বিক্রির লভ্যাংশের উপর আয়কর শোধ করারও দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু ক্যামেরন যুক্তরাজ্যের সঙ্গে ভণ্ডামি করেছেন বলে দাবি বিরোধী দল
লেবার পার্টির।
মোসাক ফনসেকায় থাকা নিজের গোপন তথ্য ফাঁসের পর থেকেই আর্জেন্টিনার জনগণের তোপের মুখে প্রেসিডেন্ট মরিসিও ম্যাকরি। স্থানীয় গণমাধ্যমের মতে, বাহামায় অফশোর কোম্পানির ব্যবস্থাপকের লিস্টে তার নাম আছে। টেলিভিশন সাক্ষাৎকারে ম্যাকরি বলেছেন, তিনি যে কোনো ভুল করেননি তা প্রমাণ করে ছাড়বেন তিনি।
পানামা পেপারসে তথ্য ফাঁসের পর দুর্নীতির অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিপক্ষরা রাশিয়াকে অস্থিতিশীল করতেই এমন বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন তিনি।
গোপন তথ্য ফাঁসের ঘটনার পর থেকেই উদ্বিগ্ন পানামা সরকার। ভবিষ্যতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করাও তাদের লক্ষ্য বলে জানিয়েছেন পানামার পররাষ্ট্রমন্ত্রী।








