পানামা পেপারসের ঘটনায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জিজ্ঞেসাবাদের জন্য ঐশ্বরিয়াকে তলব করেছে ইডি। সোমবারের (২০ ডিসেম্বর) মধ্যেই ইডির দফতরে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চনের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে বিদেশে। পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে রয়েছে অমিতাভ বচ্চনের নাম। এছাড়াও নাম আছে অজয় দেবগণের।
পানামা পেপারসে ভারত সহ ২০০টি দেশের রাজনীতিবিদ ব্যবসায়ী, সেলিব্রিটিদের নাম উঠে এসেছে, যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। ১৯৭৭ সাল থেকে ২০১৫ সালের শেষ পর্যন্ত ১ কোটি ১৫ লক্ষ গোপন নথি তথ্য ছিল এই তালিকায়।
এর আগেও দুইবার ঐশ্বরিয়াকে তলব করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। কিন্তু দুইবারই অভিনেত্রী সময় চেয়ে নিয়েছিলেন।
বেশ কিছুদিন ধরে ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপারস কাণ্ডের তদন্ত করছে। বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল।
২০১৬ সালে ফাঁস হয় পানামা পেপারস। এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক রয়েছেন। বাদ পড়েননি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই। এনডিটিভি








