উসমান খাজার দেড়শ পেরনো ইনিংসের পর অ্যালেক্স ক্যারির ‘প্রায় সেঞ্চুরি’তে ভর করে বড় সংগ্রহ জমিয়েছে অস্ট্রেলিয়া। দুদিন ব্যাট করে করাচি টেস্টে এখনও অলআউট হয়নি তারা। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ৫০৫ রান তুলেছে প্যাট কামিন্সের দল।
সোমবার তৃতীয় দিনে ২৮ রানে ব্যাটে নামবেন মিচেল স্টার্ক। ১০ বলে কোনো রান না করে তাকে সঙ্গ দেবেন অধিনায়ক কামিন্স।
পাকিস্তান বংশোদ্ভূত খাজা আগেরদিনের ১২৭ রানের সাথে আরও ৩৩ যোগ করে ফেরেন ১৬০ করে। অন্যপ্রান্তে দুই অঙ্কের ঘর পেরন বাকি ব্যাটারাও। শেষদিকে ক্যারি উইকেটে থিতু হলে দুর্দান্ত ইনিংস খেলেন।
উইকেটরক্ষক-ব্যাটার ক্যারি সাত রানের জন্য শতক হাতছাড়ার হতাশায় পুড়েছেন, ৯৩ রানের ইনিংস তার।
প্রথমদিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে খাজার ১২৭ রানে ভর করে ৩ উইকেটে ২৫১ তুলে দিন শেষ করেছিল অজি দল। ডেভিড ওয়ার্নারের ৩৬ রানে ফেরার পর মার্নাস লাবুশেন ফেরেন কোনো রান না করে। পরে স্টিভেন স্মিথ ৭২ করে আউটের পর দিনের খেলা শেষ হয়।








