৪৫ বছর বয়সে মারা গেছেন পাকিস্তানের সাবেক স্পিনার মোহাম্মদ হুসাইন। পাকিস্তানের হয়ে ২টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন বাঁহাতি স্পিনার।
১৯৯৬ সালে পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে নাম লেখান হুসাইন। আন্তর্জাতিক ক্যারিয়ারে এরপর একটিমাত্র টেস্ট খেলতে পেরেছিলেন তিনি, ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২ টেস্টে ৩ উইকেটের পাশাপাশি ১৮ রান করেছেন বাঁহাতি স্পিনার।
টেস্ট অভিষেকের ছয় মাসের মাথায় ওয়ানডেতে ডাক পান হুসাইন। একবছর নিয়মিত সদস্য ছিলেন ওয়ানডে দলের। এরপর ছিটকে যান সেখান থেকে। ওয়ানডে দলে বোলারের পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে খ্যাতি ছিল তার। এ ফরম্যাটে তার ব্যাটিং গড় ৩০। ১৪ ম্যাচে তার উইকেট ১৩টি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়ে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন আরও ১১ বছর। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। ২০০৯ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন হুসাইন।








