করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে ভারতের পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
রোববার জরুরি এক বৈঠক শেষে এই বিধিনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
এছাড়াও ওমিক্রন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সোমবার থেকে নতুন করে করোনভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ আরোপ করেছে। শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সে সর্বাধিক ৫০ শতাংশ মানুষ যেতে পারবে। রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল বা মার্কেট। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে।
চলতি সপ্তাহে সোমবার পর্যন্ত রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ৪৩৯। শনিবার তা বেড়ে হয়েছে সাড়ে চার হাজারের বেশি। দৈনিক আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি হয়েছে রাজ্যে। এমনকি রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ১২ শতাংশের বেশি।
শুধু কলকাতাতেই ২৪ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দু’হাজার মানুষ। মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অস্বাভাবিক হারে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে।








