পদ্মা সেতুর নদীশাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১১টার দিকে শরীয়তপুরের জাজিরায় তিনি নদীশাসন কাজের উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী মাওয়ায় পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের কাছে মূল সেতুর নির্মাণ কাজের অংশ হিসেবে পাইলিংয়ের উদ্বোধন করবেন।
এর আগে পদ্মা সেতুর নদীশাসন ও পাইলিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে সকাল ৯টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকাপ্টার যোগে শরীয়তপুর পৌঁছান।
২০১৮ সালের মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। নিজস্ব অর্থায়নে এটি এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় প্রকল্প। এর জন্য খরচ হবে প্রায় ২৮ হাজার কোটি টাকা।
এ সেতু নির্মিত হলে ঢাকার সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হবে দক্ষিণাঞ্চল। এই সেতুতে ট্রেনও চলবে। এশিয়ান হাইওয়ের পথ হিসেবেও সেতুটি ব্যবহৃত হবে।







