বিএনপির নতুন কমিটি নিয়ে নানা আলোচনা চলছে। ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের প্রায় পাঁচ মাস পর শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বিএনপি। ৫শ’৯২ সদস্যের এ কমিটি বিএনপির ইতিহাসে সব চেয়ে বড় কমিটি। পদবঞ্চিতরা হতাশ এবং ক্ষুদ্ধ। তবে দলের মহাসচিব ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেছেন, বড় রাজনৈতিক দলে এমনই হয়। যারা পদবঞ্চিত বলে মনে করছেন, তাদের আগামী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বড় কমিটির পরও পদবঞ্চিতদের মধ্যে হতাশা রয়েছে, রয়েছে বিতর্কও। নির্বাহী ও সম্পাদকীয় কমিটিতে আছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে।
স্থান পেয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। মামলায় এজহারভুক্ত আব্দুস সালাম পিন্টু এবং লুৎফুজ্জামান বাবরও আছেন কমিটিতে।
আবার কমিটি ঘোষণার পরপরই ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোসাদ্দেক আলী। সহ-প্রচার সম্পাদকের পদ পাওয়া শামীমুর রহমানও অব্যাহতি চেয়েছেন।
স্থায়ী কমিটির ১৯ জনের মধ্যে দু’জনের নাম এখনও ঘোষণা হয়নি। তবে এতে আব্দুল্লাহ আল নোমানের জায়গা না হওয়ায়ও কথা উঠেছে।
দলের নেতা-কর্মীদের বিতর্কে কান না দেওয়ার পরামর্শ দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বড় রাজনৈতিক দলে সকল নেতাকর্মীকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দলের মহাসচিব মনে করছেন, এ কমিটি নিয়েই ভবিষ্যতে সফল আন্দোলন গড়ে তুলবে বিএনপি।







