শিক্ষা

পদত্যাগ করবেন না জাবি উপাচার্য

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান

পদত্যাগ করবেন না জাবি উপাচার্য

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ না করায় আগামীকাল থেকে ক্যাম্পাসের সর্বাত্নক ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

তবে ‘কিছু সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী’র আন্দোলন উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, তিনি পদত্যাগ করবেন না।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন শেষে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ধর্মঘটের কর্মসূচির ঘোষণা করা হয়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর আন্দোলনকারীদের পক্ষ থেকে ১ অক্টোবরের মধ্যে উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়েছিল।

এমন কর্মসূচির পর ভিসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপাচার্য ড. ফারজানা ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করেছেন এবং উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের টাকায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন মহাপরিকল্পনার নির্মাণ কাজ প্রচলিত নিয়ম অনুসরণ করেই শুরু হয়েছে।  এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সত্য নয়। এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন: তিনি কোনো ছাত্রনেতাকে ঈদ সেলামি দেননি। এটি সত্যের অপলাপ মাত্র। উপাচার্য আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র-শিক্ষক সংগঠনগুলোকে নিজ নিজ কর্মসূচি পালনে সতর্ক ও সহনশীল হওয়ার আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপাচার্য ড. ফারজানা ইসলাম নিজের পদত্যাগের বিষয়ে বলেন, বিচারবিভাগীয় তদন্তের যে দায়দায়িত্ব আন্দোলনকারীরা আমাকে দিয়েছে তা অযৌক্তিক। আমি এটি চাইতেও পারিনা ,করতেও পারিনা। এটি পুরোটাই সরকার ও বিচার বিভাগের চিন্তার বিষয়।

‘‘এখানে চাপ সৃষ্টি করার অর্থই হচ্ছে একটা অযৌক্তিক দাবি নিয়ে আমাকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য আহ্বান করা। যেহেতু যুক্তি নেই, সেহেতু আমি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছি না।’’

বিষয়:ড. ফারজানা ইসলামদুর্নীতি
প্রতিবেদক

মো. মাহমুদুল হক (সোহাগ)

সুইডেন প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…