পেছনে নদীর ঢেউ এর শব্দ, আবছা আলোয় কাঁথা সেলাইয়ে ব্যস্ত তিশার মুখে আলো ফেলে যাচ্ছেন মোশাররফ করিম, বিরক্তির বদলে তিশার চাহনিতে মিষ্টি হাসির অভিব্যক্তি। এমন মায়াভরা দৃশ্য দিয়েই শুরু তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রের প্রথম মুক্তিপ্রাপ্ত গান ‘নোনা জল’।
সোমবার (৩০ অক্টোবর) রাতে অনলাইনে মুক্তি দেয়া হয় ‘হালদা’র প্রথম গান। তিন মিনিট আট সেকেন্ডের পুরোটা জুড়েই দর্শক খুঁজে পাবেন নুসরাত ইমরোজ তিশা আর মোশাররফ করিমের দুষ্টু-মিষ্টি প্রেম। পেছনে পিন্টু ঘোষ আর সানজিদা মাহমুদ নন্দিতার অনবদ্য কণ্ঠ আপনাকে গানটি পছন্দ করতে বাধ্য করবে। মেলোডি নির্ভর গানটি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে নদীঘেরা কোন সুখস্মৃতিতে।
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে আর নদীর দুই পাড়ের জেলেদের জীবনকাহিনী নিয়ে আবর্তিত ‘হালদা’ চলচ্চিত্রটি। হালদা নদী, নদীর পাড়ের জীবন, নায়ক- নায়িকার প্রেম সবই যেন উঠে এসেছে ‘নোনা জল’ গানটির মাধ্যমে। জোয়ার-ভাটার খেলায় জীবন নদীর ঢেউয়ের প্রতিচ্ছবি যেন পুরো গান জুড়ে।
গানটির কথা তৌকির আহমেদ ও ‘হালদা’র সংগীত পরিচালক পিন্টু ঘোষের। সুর ও সংগীতায়োজনও পিন্টু ঘোষের।
‘হালদা’ চলচ্চিত্রটিতে তিশা, মোশাররফ করিম ছাড়াও আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, রুনা খান, ফজলুর রহমান বাবু, দিলারা জামান প্রমুখ।
দর্শকের জন্য খুশির খবর শুধু ‘হালদা’র গান মুক্তিই নয়। সোমবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচালক তৌকির আহমেদ ভক্তদের জানিয়েছেন চলচ্চিত্রটি মুক্তির তারিখও। ডিসেম্বরে ‘হালদা’ মুক্তি পাচ্ছে সেটা আগে থেকেই সবাই জানত। তৌকির এবার নিশ্চিত করে জানালেন, ‘হালদা’ মুক্তি পাবে ১ ডিসেম্বর।
প্রথম গান মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ‘হালদা’র প্রথম গান নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এরই মধ্যে চলে এসেছে হালদার দুইটি পোস্টারও। দর্শককে কতটা খুশি রাখতে পারবে সম্পূর্ণ চলচ্চিত্রটি, সেই উত্তর পাওয়া যাবে ১ ডিসেম্বর।
‘হালদা’ চলচ্চিত্রের গান ‘নোনা জল’








