নেপালে উদ্ধার অভিযানে নিয়োজিত বিভিন্ন দেশের উদ্ধারকর্মীদেরকে সেখান থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। সোমবার তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজাল ভারতসহ ৩৩টি দেশের উদ্ধারকর্মীদের প্রত্যাহার করে নিতে বলেন।
তিনি বলেন, নেপালে ভূমিকম্পের আটদিন হয়ে গেছে। কাঠমান্ডু এবং আশেপাশের ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধারকাজ প্রায় শেষের দিকে। এখন যা বাকি আছে তা নেপালের স্থানীয় বাহিনী করতে পারবে।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেন, নেপাল সরকার দেশটি থেকে উদ্ধারকর্মীদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সেখানে ত্রাণ কার্যক্রম বাড়াতে বলেছে।
তিনি জানান, দেশটি এখন ধ্বংসস্তুপ সড়ানো যায় এমন যন্ত্রপাতিসহ দক্ষ প্রকৌশলী টিম চেয়েছে।
গত ২৫ এপ্রিল দেশটি ৭.৮ মাত্রার ভূমিকম্পে সাত হাজারেরও বেশি মানুষ মারা যায়। ক্ষতিগ্রস্থ হয় কমপক্ষে ৮০ লক্ষ মানুষ।







