নেপালে মঙ্গলবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬৫ জনে জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে দুই হাজারেরও বেশী মানুষ। ভূমিকম্প আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে তাঁবুতে কাটাচ্ছে অনেকে।
২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর মঙ্গলবার দুপুরে আবারো কেঁপে ওঠে নেপাল। ৭ দশমিক ৩ মাত্রার প্রথম ভূমিকম্পের পর কমপক্ষে ছয় বার ছিলো আফটার-শক।
আবারো অনেক জায়গায় ধ্বংসস্তুপে পরিণত হয় হিমালয়কন্যা। ধসে পড়ে প্রথম দফার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। হতাহতদের উদ্ধারে নতুন করে অভিযানে নামে উদ্ধার কর্মীরা।
ভূমিকম্প আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে অসে বহু মানুষ। ভয়ে বাড়ি না ফিরে রাস্তার পাশে তাঁবু টানিয়ে রাত কাটিয়েছে বহু পরিবার।
ভূমিকম্পের পর পাহাড় ধসে অনেক এলাকার সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটিও ২ ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী সুশীল কৈরালা সবাইকে সাহস রেখে ধৈর্য্য ধরতে বলেছেন।
একইসঙ্গে ভয়াবহ দুর্যোগে যেসব দেশ নেপালকে সাহায্য করেছে তাদেরকে আরো একবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারত এবং বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়। ভারতে প্রাণ হারায় বেশ কয়েকজন । বাংলাদেশে কোনো ক্ষতি না হলেও আতঙ্কে রাস্তায় নেমে আসে বহু মানুষ।







