উইমেন্স এশিয়া কাপ টি২০ ক্রিকেটে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রুমানা আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ।
ব্যাংকক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে টিম টাইগ্রেস নির্ধারীত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৩৩ রান।
সানজিদা ইসলাম ও নিগার সুলতানার ওপেনিং জুটি থেকেই টিম টাইগ্রেস তুলে নেয় ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার সুলতানা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন সানজিদা ইসলাম। এ ছাড়া শিলা শারমিন ১৯ ও রুমানা আহমেদের ব্যাট থেকে এসেছে ১৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৪ রানেই শেষ হয় নেপালের ইনিংস। বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।
নাহিদা আকতার ২ রানে নিয়েছেন ২ উইকেট। নেপালের সিতা রানা মারগারের ১৫ রান ছাড়া নেপালের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
নিজেদের প্রথম ম্যাচে ভারতীয়দের কাছে ৬৪ রানে হারলেও দ্বিতীয় ম্যাচেই আয়োজক থাইল্যান্ড নারীদলকে ৩৫ রানে হারিয়ে প্রথম জয় পায় রুমানার দল।








