হঠাতই বার্সেলোনাকে জড়িয়ে খবরের শিরোনাম নেইমার। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভোর খবর, আবারও কাতালান দলটিতে ফিরতে ইচ্ছুক ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড। কিন্তু নেইমার চাইলেই তো হবে না, তাকে ফিরিয়ে নিতে আগ্রহ থাকতে হবে বার্সারও। নিজেদের সেই আগ্রহের কথা জানিয়ে দিয়েছেন দলটির মুখপাত্র জোসেপ ভিভেস। তার সোজাসাপ্টা বয়ান, নেইমারকে নিয়ে একটি কথাও হয়নি আলোচনার টেবিলে।
পিএসজিতে আর মন বসাতে পারছেন না। ফিরতে চান পুরনো ক্লাব বার্সায়। এমন খবরে হাওয়া জুগিয়েছিল নেইমারের পুরনো সতীর্থ ইভান রাকিটিচের একটি বার্তা। নেইমার ফিরতে চাইলে সানন্দে টেনে নেয়া হবে। বার্সায় সবে পা ফেলা নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ ফিলিপে কৌতিনহো জানান, নেইমারকে পেলে বেশ খুশি হবেন তিনিও। এরপরই আরোচনা বারুদের মত জ্বলে ওঠে!
কিন্তু জোসেপ ভিভেস বলছেন ঠিক উল্টোটা, ‘নেইমারের বার্সা ফেরার বিষয়ে আমরা বিন্দুমাত্র অবগত নই।’
‘এ ব্রাজিলিয়ান আমাদের ক্লাব ছেড়ে চলে গেছে, আর যখন গেছে তখন তো আমরা তাকে শুভ কামনাই জানিয়েছিলাম। এরপর তো আর কিছু ঘটার কথা নয়।’ যোগ করেন জোসেপ।
‘যে আমাদের খেলোয়াড় নয়, সে কি বললো না বললো সেই বিষয়ে আমরা অহেতুক কোন বিতর্কে যেতে চাই না।’ বার্সা যে আগ্রহী নয় সেটিই যেন ফুটে উঠল জোসেপের এই কথায়।
চলতি মৌসুমের শুরুতে বার্সা ভক্তদের হৃদয় ভেঙে পিএসজিতে পাড়ি জমান নেইমার। কিন্তু প্যারিসে গিয়ে একের পর এক বিতর্কে খবরের শিরোনাম হয়েছেন। ব্রাজিলিয়ান তারকা পাওনা অর্থ আদায়ের জন্য সাবেক ক্লাবকে ফিফার আদালত পর্যন্ত নিয়েছেন। পিএসজি সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। ক্লাব কোচ উনাই এমেরির সঙ্গেও তার সম্পর্ক শীতল।
এর মাঝেই মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে চোটে পড়ে খেলা হচ্ছে না বাকি মৌসুম। অনিশ্চিত বিশ্বকাপের আগে ফিট হওয়া নিয়েও। হাসপাতালে বসে দেখেছেন রিয়াল মাদ্রিদের কাছে হেরে ভেঙ্গে গেছে ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন। এমন সময় পুরনো ক্লাবের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়ায় মন খারাপই হওয়ার কথা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের।








