আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে চাপে রেখেছিলেন পাথুম নিশাঙ্কা। ব্যক্তিগত ফিফটি ছোঁয়ার আগে শ্রীলঙ্কার ওপেনারকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২৮ বলে ৪৭ রান করে ফিরেছেন এ ডানহাতি। তাতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে। ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে বিশ্বকাপে অভিযানে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের রানের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ।
৫ ওভারে পঞ্চাশ পেরিয়ে যাওয়া শ্রীলঙ্কা ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রানের বেশি করতে পারেনি। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফেরেন ঢাকা এক্সপ্রেস। প্রথম দুই বলে কুশল মেন্ডিস বাউন্ডারি মারলেও তাসকিনের তৃতীয় বলে ব্যাটের কানায় লেগে স্টাম্প ভাঙে লঙ্কান ওপেনারের। ৮ বলে ১০ রান করে ফেরেন।
পাওয়ার প্লে’র শেষ ওভারে মোস্তাফিজুর রহমান সাফল্য পান নিজের প্রথম ওভারের প্রথম ডেলিভারিতেই। ৫ বলে ৪ রান করে মিড অফে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস। এরপর এ বাঁহাতি পেসার পান আরও এক সাফল্য। নিশাঙ্কাকে ফিফটি বঞ্চিত করে ম্যাচে ফেরান বাংলাদেশকে।
ডালাসের উইকেট দেখে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনে হয়েছে শুরুতে বোলাররা মুভমেন্ট পাবেন। সে আশায় টসে জিতে আগে বোলিং বেছে নেন তিনি।








