ছোটপর্দার তারকা নির্মাতা চয়নিকা চৌধুরীর জন্মদিন ১ ডিসেম্বর। ঠিক তার আগের দিন এল নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ মুক্তির খবর! আর জন্মদিনে এল ছবির এক ঝলক! ফলে এবারের জন্মদিনটি যেন তার কাছে আরো বিশেষ!
প্রতিক্রিয়ায় নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানান, ‘বিশ্বসুন্দরী’ মুক্তি আর মাত্র দশ দিন পর। ফাইনাল পরীক্ষা দেয়ার আগে যে ভয় থাকে, সেরকম অনুভব করছি। নিজের প্রথম সিনেমা মুক্তির খবরে জন্মদিনের আমেজ খুব একটা ছুঁয়ে যাচ্ছে না বলেও জানান!
আগামি দশদিন শুধু ‘বিশ্বসুন্দরী’ নিয়েই ভাবতে চান নির্মাতা। যদিও জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটেছেন, ঘরোয়াভাবে উদযাপন রেখেছেন। বিকেলে সময় রেখেছেন নিজের প্রথম ছবির নায়িকা পরীমনির জন্য।
এদিকে মঙ্গলবার প্রকাশ পেয়েছে ‘বিশ্বসুন্দরী’র এক ঝলক। ৫০ সেকেন্ড ব্যাপ্তীর এই ঝলকে ফুটে উঠে অ্যাকশন, পারিবারিক ড্রামা ও রোমান্সের গল্প।
১১ ডিসেম্বরই মুক্তি পেতে যাচ্ছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সংবাদ বিবৃতিতে জানানো হয়, সিনেমা হল বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকেই নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এই করোনাকালেও বড় বাজেটের ছবিটি মুক্তি দেয়ার সাহস করছি। আশা করছি অন্য প্রযোজকরাও এগিয়ে আসবেন।
চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে প্রথমবার দেখা যাবে পরীমনি-সিয়াম জুটিকে। এছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত সহ আরো অনেকে।
ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’ ছবির গান ইতিমধ্যেই শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইতিমধ্যেই ইউটিউবে দেখা হয়েছে ৩ কোটির বেশি সংখ্যকবার। ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।








