‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই আইনের বিলে সাক্ষর করেন।
আইন অনুযায়ী, প্রধান ও অন্যান্য নির্বাচন কমিশনারের শূন্য পদে নিয়োগদানের জন্য আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি হবে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আরও থাকবেন প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ কর্ম-কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক। এদের মধ্যে একজন নারী সদস্যও থাকবেন বলে উল্লেখ করা হয় আইনে।

আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা, অভিজ্ঞতা, সুনাম ও সততা বিবেচনা করে অনুসন্ধান কমিটি প্রতি পদের জন্য ২ জনের নাম প্রস্তাব করবেন। সেখান থেকে প্রতি পদের জন্য একজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন।
নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হবার জন্য তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়াও অন্যান্য যোগ্যতা হিসেবে তাদেরকে ৫০ বছরের উর্ব্ধে হতে হবে, কোন সরকারি, বিচার বিভাগ, আধা-সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত পদে বা পেশায় কমপক্ষে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।






