ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে এবাদত হোসেন
এবং মোহাম্মদ আলী মানিকের নাম অনেকটাই চমক জাগানিয়া। বলা হচ্ছে বোলিং
কোচ কোর্টনি ওয়ালশের আবদারেই মানিককে দলে রাখা হয়েছে। তবে হঠাৎই চলে আসা এ
সুযোগকে সর্বোচ্চ কাজে লাগাতে চান এ দুই তরুণ তুর্কি।
পেসার হান্টের সৌজন্যে এবাদত সকলের কাছে পরিচিতি পেলেও মানিকের দলে অন্তর্ভুক্তি অনেক কাছেই অপ্রত্যাশিত। নেট বোলারের হঠাৎ-ই বিসিবি একাদশে জায়গা করে নেওয়াটা ওয়ালশ সৌজন্যে হলেও সুযোগের সর্বোচ্চ ব্যববহার করতে চান ৬ ফুট ২ ইঞ্চি’র এ পেসার।
এ প্রসঙ্গে তিনি বলেন: ডাক পাওয়ার পর থেকেই আমি অনেক একসাইটেড। যেহেতু কালকে ম্যাচ; দলীয় পারফরমেন্সের মাধ্যমেই ম্যাচটি জিততে চাই। সেই সঙ্গে বিসিবি একাদশের জয়ের পিছনে ব্যক্তিগত পারফম্যান্সের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখতে চাই।
মানিকের নামটা এতোটাই চমক জাগানিয়া ছিলো যে বিসিবি তার দল প্রকাশের বিজ্ঞপ্তিতে তার নাম লেখে ‘মোহাম্মদ মানিক’। এটাই প্রমাণ করে বিসিবি’র কর্তা ব্যক্তিরাও কতোটা অপ্রস্তুত ছিলেন।
তবে সাংবাদিকদের মধ্যে যারা নিয়মিত বিসিবিতে যাতায়াত করেন তাদের কাছে মানিক খুব অচেনা নন। প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই তরুণ পেসার বাংলাদশ দলের নেটে নিয়মিত মুখ। তবে নেট থেকে প্রস্তুতি ম্যাচের দলে জায়গা করে নেওয়া অনেকটাই চমক জাগানিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচটি হবে আগামীকাল মঙ্গলবার, ফতুল্লায়।








