সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ডের মধ্য দিয়ে নেতা হওয়া যায় না। রাজনীতি করতে হলে আদর্শ ও সৌজন্যবোধের প্রয়োজন রয়েছে।
রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রাজনীতি থেকে দিন দিন সৌজন্যবোধ কমে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদেরকে সৌজন্যবোধের পরিচয় দিতে হবে। প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে মনোজগতে লালন করতে হবে। বঙ্গবন্ধু হলেন উন্নয়নের রোল মডেল।’
এ সময় মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেন, ‘বঙ্গবন্ধু হলেন ইতিহাসের মহানায়ক। মহানায়ককে কোনো শক্তি মুছে দিতে পারে না। বঙ্গবন্ধুর পরিবার সৎ ও মেধার রাজনীতি করছে। ৭৫ এর পরে বঙ্গবন্ধুর মৃত্যুর পর তার কোন সঞ্চিত সম্পদ পাওয়া যায়নি। এখনো বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা দেশে ও বিদেশে মেধার সাক্ষর রেখে চলছে।’
মাদক নির্মূলে শিক্ষার্থীদেকে সচেতন ভূমিকা পালন করার আহবান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের মতো মাদকও ভয়াবহ। যা অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের সব অঞ্চলে। যুবকদের মধ্যে এভাবে মাদক ছড়িয়ে পড়লে ছাত্র রাজনীতি বলতে কিছুই থাকবেনা। তাই জঙ্গিবাদের মত মাদক নির্মূলেও গুরুত্ব দিতে হবে।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ১৯৭৫ সালে ঘাতকরা বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে বিদায় করে দিলেও বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছেন।
জাবি ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাকসুর সাবেক ভিপি এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী সহ জাবি শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীবৃন্দ।








