মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ সাংবাদিক আওরঙ্গজেব সজিবের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৪ টার দিকে মুন্সিগঞ্জ শহরের নয়াগাঁওয়ে ধলেশ্বরী নদীর তীর থেকে ভাসমান এ লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের পরনের শার্ট ও চেহারার ধরণ দেখে লাশটি নিখোঁজ সাংবাদিক সজিবের বলে জানান তার সহকর্মী সৈয়দ সোহেল।
নদীতে ঝাপিয়ে পড়ে সাংবাদিক সজিব নিখোঁজ হয়েছিলেন বলে খবর পাওয়া গেলেও তার পরিবার ও গণমাধ্যমের সহকর্মীরা বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন।
সজিব নদীতে পড়ে গেছেন ধরে নিয়ে সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার সদরঘাট নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর অবস্থান করছিলেন। মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর কোন স্থানে তল্লাশি চালাবেন তা নির্ধারণ করতে না পারায় তল্লাশি চালাতে পারেনি।
সোমবার সকালে তার স্ত্রী মোরশেদা বেগম শাহবাগ থানায় জিডি করেছিলেন।
চাঁদপুরে এমভি তাকওয়া নামের একটি লঞ্চে তার দুটি মোবাইল ফোনসেট ও সাংবাদিক পরিচয়পত্র পাওয়া যায়। সাংবাদিক সজিব বাংলাভিশন, সময়, যমুনা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।







