টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে দাপট দেখিয়েছেন বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ রাহি ও তাসকিন আহমেদ। বৃষ্টিতে প্রথমদিনের খেলা শেষ হওয়ার আগে দুজনে ৭১ রানে তুলে নিয়েছেন নিউজিল্যান্ড একাদশের ৫ উইকেট।
মাউন্ট মঙ্গানুইতে সারাদিনে খেলা হল স্রেফ ২৭.৩ ওভার। রাহি ২৭ রানে ৩ ও তাসকিন ২৬ রানে নিয়েছেন ২ উইকেট। শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন।
মঙ্গলবার খেলা শুরুর আগেই বৃষ্টি শুরু হয় মাঠে। বল গড়ানোর পরও দফায় দফায় হানা দেয় বৃষ্টি।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় রাহি বললেন, ‘আজকের ম্যাচে অন-অফ ছিল, বারবার বৃষ্টি আসছিল। এরমধ্যেও বোলাররা খুব ভালো বোলিং করেছে। সবচেয়ে ভালো ব্যাপার ছিল, অনেকদিন পর নেমে আমরা নতুন বলে ভালো জায়গায় বল রাখতে পেরেছি। সবমিলিয়ে পেস বোলাররা সবাই ভালো বল করেছে।’
নতুন বছরের প্রথমদিনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কোয়ারেন্টাইন বাড়ায় মুমিনুল হকের দল তেমন প্রস্তুতির সুযোগ পায়নি নিউজিল্যান্ডে। দুম্যাচের টেস্ট সিরিজে নামার আগে একটিই প্রস্তুতি খেলা। সেই ম্যাচের একদিনের বেশিরভাগ ভেসে গেল বৃষ্টিতে। নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি বাতিল হয় কোয়ারেন্টাইন জটিলতায়।








