আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রেখে নাশকতার সব মামলার বিচার দ্রুত শুরু করে শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা ও রাজশাহী বিভাগীয় কমিশনার এবং বগুড়া ও সাতক্ষীরাসহ ৬ জেলার উন্নয়ন কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ আছে ৩ বছর ৮ মাস। এ সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প শেষ করতে হবে।
জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন প্রধানমন্ত্রী।
ঝিনাইদহ, নড়াইল, জয়পুরহাট, সিরাগঞ্জের জেলা প্রশাসক এবং খুলনা ও রাজশাহী বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে শুনে বিভিন্ন বিষয়ে তাৎক্ষনিক সমাধানও দেন তিনি।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের সাথে সাথে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সরকার ক্ষমতায় এসে উন্নয়ন কাজে এতোটাই মনোযোগ দিয়েছিলো যে তখন অপরাধ দমনে ততটা খেয়াল রাখেতে পারেনি। ফলে সরকারকে তার খেসারত দিতে হয়েছে ২০১৫ সালের শুরুতে এসে।
‘তবে সরকার এখন বদ্ধপরিকর ওই সময়ে যে সন্ত্রাসী কর্মকান্ড হয়েছে তার অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে।’ এ সময় সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়েছে, দেশের ক্ষতি করেছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে। ফলে তাদের ধরতে যে যৌথ অভিযান চলছে তা অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত দেশের সর্ব সাধারণের নিরাপত্তা নিশ্চিত হয়।এছাড়া যাদের নামে মামলা হয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ সম্ভব হয়েছে। দেশবাসীও এর সুফল ভোগ করছে।







