সিলেটের নার্গিসের উপর হামলার ঘটনায় হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, দলীয় পরিচয় মুখ্য নয়; সিলেটের শিক্ষার্থী খাদিজা আক্তারের ওপর হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এই ধরনের কাজ না ঘটে এবং এসব ঘটনায় যেন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, নারী নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা। এখন এগুলোর বিচার না হলেও সময় হলে বিচার করা হবে। তনু হত্যার মতো এই ঘটনাও যেন আড়ালে না চলে যায় তার দিকে নজর দিতে সরকারের কাছে অনুরোধ জানান দলের নেতারা।
সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম।








