জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক করা হয়েছে।
পুরুষ দলের নির্বাচক কমিটিতে তার জায়গা দায়িত্ব দেয়া হয়েছে সাজ্জাদ আহমেদ শিপনকে। রোববার বিসিবি সভা শেষে সংবাদ সম্মেলনে এই রদবদলের কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
তিনি বলেন,‘আমরা একজনকে নিচের থেকে উপরে নিয়ে আসছি। আরেকজন নেমে যাচ্ছে। সুমন চলে যাচ্ছে উইমেন্স কমিটিতে। সে এককভাবে পুরো বিষয়টি দেখবে। তাকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ওদিক থেকে শিপন চলে আসবে উপরে।’
সাজ্জাদ হোসেন চলে যাওয়ায় জুনিয়র নির্বাচক কমিটিতেও যুক্ত হচ্ছে নতুন মুখ। তবে একজন নয়, দুজন। সাবেক ব্যাটসম্যান এহসানুল হক জুনিয়র নির্বাচক হিসেবে আছেন আগে থেকেই। সঙ্গে যোগ হচ্ছেন সাবেক ওপেনার হান্নান সরকার ও সাবেক পেসার হাসিবুল হোসেন।
এদিনের বোর্ড সভায় জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংকে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। ৬ নভেম্বর থেকে বিপিএলের চতুর্থ আসর শুরু দিনও নির্ধারিত হয়েছে।
এছাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্লাবগুলোকে ক্রিকেটারদের পাওনা পরিশোধ করতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা।








