ঘরের মাঠে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের বছরে আম্পায়ারিংয়ে বড় সুখবর পেলো বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসি প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশের চার নারী আম্পায়ার ও এক ম্যাচ রেফারি। শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার আহমেদ।
আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার আম্পায়ার সাথিরা জাকির জেসি, ডলি রানি, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা। এদের সঙ্গে আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে জায়গা পেয়েছেন সুপ্রিয়া রাণী দাস।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান এটিকে বড় অর্জন হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘দুই বছর আগে তাদের আনার পর ভালো করেছে বলেই আইসিসির নজরে এসেছে। এটা অন্যতম বড় একটা অর্জন। আগে মেয়েরা ক্রিকেট খেলত, এখন এটাকেও ক্যারিয়ার হিসেবে নিতে পারবে। আমাদের পুরো সমর্থন আছে-ছেলে ও মেয়েদের, যেন এটিকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে।’
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে হবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসি প্যানেলে যুক্ত হওয়ার মাধ্যমে বিশ্ব আসরে স্থানীয় আম্পায়ারের সুযোগ পাওয়ার পথ সুগম হলো মনে করেন ইফতেখার।








