নানা নাটকীয়তা, ক্ষমতা ভাগাভাগির সমীকরণ ও জোট ভাঙা-গড়ার খেলার পর সবাইকে চমকে দিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-এনসিপি।
রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির দেবেন্দ্র ফডনবীস এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাইয়ের ছেলে অজিত পাওয়ার।
বিজেপি ও এনসিপির জোট গঠনের পর শনিবার সকালে তারা শপথ নেন। শপথের পর তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অক্টোবরের নির্বাচনে ২শ’ ৮৮টি আসনের ১শ’ ৫টিতে জিতে বিজেপি ভারতের পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে একক বৃহত্তম দল হয়। কিন্তু জোটসঙ্গী ৫৬টি আসন জেতা শিব সেনার সাথে নতুন সরকার নিয়ে মতের মিল না হওয়ায় প্রথম দফায় তারা সরকার গঠনে ব্যর্থ হয়। বিরোধী জোটের এনসিপি ৫৪ ও কংগ্রেস ৪৪টি আসন জিতে।








