মেহেরপুরে নানা আয়োজনে পালন করা হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সমাবেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান জানানো হয়।
সকালে মুজিবনগর স্মৃতিসৌধের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে শেখ হাসিনা মঞ্চে সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, এ দেশের অসাম্প্রদায়িক শক্তি আবারো মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে পরাজিত করবে।
বর্তমান সরকার দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত করেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানানো হয় মুজিবনগর দিবসের সমাবেশ থেকে।
অনুষ্ঠানে দেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দেয়া ১২ আনসার সদস্যের মধ্যে জীবিত ৪ জনকে সম্মাননা জানানো হয়। এছাড়াও আয়োজন ছিল দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে গীতিনাট্য ও পালা গানের আসরের।








