দেশে কারিগরি শিক্ষার প্রসারের লক্ষে আগামী ২০১৯ সালের মধ্যে ১শ’টি কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে।
কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর বলেছেন, দেশজুড়ে সরকারের আরও ৩ শ’ ৮৯ টি কারিগরি স্কুল ও কলেজ স্থাপন পরিকল্পনার অংশ হিসেবেই এই ১শ’টি প্রতিষ্ঠান স্থাপিত হবে।
তিনি জানান, বর্তমানে দেশে কারিগরি শিক্ষার্থীর সংখ্যা গত ২০০৯ সালে ১ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে ১৪ শতাংশে উন্নীত হয়েছে।
মো. আলমগীর বলেন, আমরা আশা করছি, এসব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে আগামী ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৩০ শতাংশে উন্নীত হবে। সরকার ২৩ টি জেলায় ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্যই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবে।
বর্তমানে আটটি বিভাগীয় শহরে পৃথকভাবে ছাত্রীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: বাসস








