বিশ্বকাপ ফাইনালে হৃদয়ভাঙা কষ্টের পর আবারো মাঠে ফিরেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জেতার পর ১-১ এ টেস্ট সিরিজ ড্র করেছে। সামনে এবার ইংল্যান্ড, যাদের সঙ্গে সমানতালে লড়েও শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি তারা। ইংলিশদের বিপক্ষে নতুন ‘যুদ্ধে’ নামার আগে অবশ্য জার্সিতে পরিবর্তন আনছে কিউইরা।
ইংল্যান্ড সিরিজের আগে বৃহস্পতিবার নতুন টি-টুয়েন্টি জার্সি উন্মোচন করেছে নিউজিল্যান্ড। কিউইদের জার্সি সবসময়ই দর্শকদের আকর্ষণ করে। আগের ঐতিহ্য ধরে রেখেই এবারো জার্সি বানিয়েছে তারা।
তাদের আগের টি-টুয়েন্টি জার্সির মূল রঙ ছিল ধূসর, তবে নিউজিল্যান্ড সর্বশেষ জার্সিতে যোগ করেছে আকাশী-নীল।
নতুন জার্সি প্রকাশের পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছে। আর জার্সি গায়ে মডেল হয়েছেন ওপেনার মার্টিন গাপটিল।
সামনে খুবই ব্যস্ত মৌসুম শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে প্রথমে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। তারপরই ভারত ও অস্ট্রেলিয়াকে আতিথিয়েতা দেবে কিউইরা।
মৌসুম শুরু হবে ইংলিশদের বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি দিয়ে। ভারতের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচটি টি-টুয়েন্টি খেলার পর প্রতিবেশী অস্ট্রেলিয়াকে তিন টি-টুয়েন্টির জন্য আমন্ত্রণ জানাবে নিউজিল্যান্ড।








