ফিনল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান নকিয়া নতুন এক গুঞ্জনে প্রযুক্তি বিশ্বে হৈ চৈ ফেলে দিয়েছে। আর তা হল মোবাইল কোম্পানীটি ‘নকিয়া ওরো’ নামের স্বর্ণের একটি ফোন আনতে কাজ করছে।
নকিয়া ওরো’তে ১৮ ক্যারেটের স্বর্ণ ব্যবহার করা হবে। তবে পুরো ডিভাইসে স্বর্ণের প্রলেপ থাকবে না। শুধু ফোনটির সামনের অংশটি হবে স্বর্ণ খচিত, আর পেছনটা চামড়া দিয়ে মোড়ানো থাকবে।
টেক ওয়েব ইনগ্যাজেট জানায়, ফোনটির স্পেশিফিকেশন নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সিমব্রিয়ান অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে ৩.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
চলতি বছরেই বিশ্ববাজারে আসবে নকিয়া ওরো। দাম পরবে ১১২৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ হাজার ২৪০ টাকা।







