ইতিহাস ও ঐতিহ্যে ভরা উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রায় অর্ধশতাধিক ঐতিহাসিক স্থাপনা। স্বল্প খরচে একদিনে একাধিক ঐতিহাসিক প্রত্নত্বাত্ত্বিক নিদর্শনগুলো ভ্রমণের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রথম ৩৮ জন পর্যটককে নিয়ে যাত্রা শুরু করলো টুরিস্ট বাস ‘ভ্রমণ বিলাস’।
আজ বুধবার সকালে শহরের মুক্তির মোড়ে পদ্মা বাস কাউন্টার থেকে টুরিস্ট বাস ‘ভ্রমণ বিলাস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার এএমএ মামুন খাঁন চিশতি, নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবু, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন প্রমুখ।
বাসের উদ্বোধনের পর পর্যটকদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর ভ্রমণ বিলাস পর্যটকদের নিয়ে নির্ধারিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর উদ্দেশ্যে ছেড়ে যায়।
জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বাস্তবায়নে প্রাথমিকভাবে ৪৫০ টাকার একটি প্যাকেজ তৈরি করা হয়েছে। এই প্যাকেজের মাধ্যমে একজন পর্যটক খুব সহজেই প্রথমে ভারত সীমান্তঘেষা উপজেলা ধামইরহাট উপজেলার জাতীয় উদ্যান শালবন বিহারের আলতাদীঘি, ঐতিহাসিক জগদ্দল বিহার, বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও হলুদ বিহার ভ্রমণ করতে পারবেন। এছাড়া প্যাকেজের মাধ্যমে ভ্রমণরত পর্যটকরা সকাল ও বিকেলের নাস্তা এবং দুপুরের খাবার পাবেন। বাড়তি আকর্ষন হিসেবে প্রতিবার ভ্রমণের দিন বিকেলে পাহাড়পুর বৌদ্ধ বিহারে স্থানীয় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এরপর হলুদ বিহার দর্শন শেষে নওগাঁ শহরের মুক্তির মোড়ে এসে শেষ হবে ওইদিনের ভ্রমণ।
প্রাথমিক পর্যায়ে ৪টি ঐতিহাসিক স্থান ভ্রমণের রুট হিসেবে নির্ধারন করা হয়েছে। ভবিষ্যতে পর্যটকদের চাহিদার উপর ভিত্তি করে জেলার সকল ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্যও প্যাকেজ তৈরি করা হবে।








